সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
আন্তর্জাতিক মানবিক সহায়তার নামে গাজামুখী সাগরপথে এগিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ১৩টি নৌযান আটকে দিয়েছে ইসরাইলি নৌবাহিনী। সংগঠনের মুখপাত্র সাইফ আবুকেশেক জানিয়েছেন, এসব জাহাজে ছিলেন ৩৭ দেশের অন্তত ২০১ জন শান্তিকর্মী ও মানবাধিকার অ্যাক্টিভিস্ট।
ফ্লোটিলা কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গাজায় সহায়তা পৌঁছাতে যাত্রা করা ১৩টি জাহাজ জব্দ করেছে ইসরাইলি সেনারা। সেগুলো গাজা উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
মুখপাত্র আবুকেশেক আরও জানান, আটক জাহাজগুলোতে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন ও মালয়েশিয়ার ১২ জন নাগরিকসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছিলেন।
অভিযানের পরও ফ্লোটিলা মিশন থেমে যায়নি। সংগঠনের দাবি, বাকি ৩০টিরও বেশি জাহাজ এখনো গাজার উদ্দেশে এগিয়ে যাচ্ছে, ইসরাইলি বাধা উপেক্ষা করেই।
ফ্লোটিলা সংগঠকদের হিসাব অনুযায়ী, সমুদ্রপথে গাজামুখী এই বহরে রয়েছে ৪০টির বেশি নৌযান। প্রায় ৪৪টি দেশের ৫০০ যাত্রীর মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, আইনজীবী, চিকিৎসক, অধিকারকর্মী ও সাংবাদিক।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এ অভিযান আবারও ইসরাইলি আগ্রাসনের নতুন উদাহরণ। তবে আবুকেশেকের ভাষায়, “গ্রেপ্তার চললেও আমাদের ন্যায়বিচারের যাত্রা থামবে না।”