সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। বিষয়টি ঘিরে অভিনেতাকে কেন্দ্র করে পরকীয়ার অভিযোগও ছড়িয়ে পড়েছে অনলাইনে। কিছু ব্যবহারকারী দাবি করছেন, ব্যক্তিগত সম্পর্কজনিত টানাপোড়েন থেকেই ইকরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন—যদিও এসব দাবির পক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো প্রমাণ সামনে আসেনি।
ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় আলভী ও তিথি ছাড়াও আলভীর মা ও তার এক সহকারীকে আসামি করা হয়েছে। ইকরার পরিবারের পক্ষ থেকে করা মামলায় তিথির নাম অন্তর্ভুক্ত হওয়ায় সামাজিক মাধ্যমে অনেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
এর মধ্যেই একটি পোস্ট ভাইরাল হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। Facebook–এ আবিদা সুলতানা নামের একটি আইডি থেকে দাবি করা হয়, একসময় তিথি ও তিনি একই ভবনে বসবাস করতেন। তার ভাষ্য অনুযায়ী, ওই সময় প্রায়ই জাহের আলভীকে মাস্ক পরে তিথির বাসায় যাতায়াত করতে দেখা যেত।
পোস্টে তিনি লেখেন, ‘আমি থাকতাম ৩য় তলায় আর তিথি থাকত ৪ তলায়। এই সুবাদে আলভীকে নিয়মিত আসা-যাওয়া করতে দেখেছি। কখনও কখনও সে মাস্ক পরে ঢুকত, যেন কেউ চিনতে না পারে। তবে বিল্ডিংয়ের অনেকেই তাকে চিনত। একপর্যায়ে তাদের বাসা ছাড়তে বলা হয়েছিল।’ পোস্টটি অল্প সময়ের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করে।
তবে আবিদা সুলতানার প্রকৃত পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তিনি সত্যিই কখনও তিথির প্রতিবেশী ছিলেন কি না, সেটিও যাচাই করা সম্ভব হয়নি। পরবর্তীতে তিনি পোস্টটি মুছে ফেলেন।

পোস্ট অপসারণের পর দেওয়া এক ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন, ‘আমি যা দেখেছি সেটাই লিখেছি। আগে একই বিল্ডিংয়ে থাকতাম, সেই অভিজ্ঞতাই শেয়ার করেছি। আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্সে বারবার মেসেজ দেওয়ার প্রয়োজন নেই। তারা অনেক আগেই বাসা পরিবর্তন করেছে, আমিও করেছি। তাই অযথা যোগাযোগের দরকার নেই।’
এদিকে পুরো ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা মতামত ঘুরে বেড়ালেও সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা নিয়ে এখনো আনুষ্ঠানিক তদন্তের ফল প্রকাশ হয়নি।