শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
গানের পর এবার সিনেমায় রাজত্ব করতে আসছেন অরিজিৎ!
অনলাইন ডেস্ক
গানে গানে কোটি হৃদয় জয় করে এবার এক ভিন্ন পরিচয়ে আসছেন অরিজিৎ সিং। এবার তিনি নাম লেখাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায়—এমনই এক রোমাঞ্চকর খবর প্রকাশ করেছে গণমাধ্যম।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শেষদিকে পরিচালকের আসনে বসতে যাচ্ছেন অরিজিৎ। তার প্রথম সিনেমাটি হতে যাচ্ছে একটি উচ্চ বাজেটের জঙ্গল-অ্যাডভেঞ্চার। ছবিটির প্রযোজনায় থাকছেন জনপ্রিয় প্রযোজক মহাবীর জৈন, যিনি বর্তমানে ‘নাগজিল্লা’ এবং শ্রী শ্রী রবিশঙ্করের জীবনীনির্ভর বায়োপিক নিয়ে ব্যস্ত।
অনেক দিন ধরেই নিজের মধ্যে পরিচালকের স্বপ্ন বয়ে চলেছেন অরিজিৎ। গোপনে লিখে চলছিলেন একটি চিত্রনাট্য, যা এখন চূড়ান্ত রূপ পেয়েছে। আগামী এক মাসের মধ্যেই শুরু হবে সিনেমার কাস্টিং প্রক্রিয়া, যেখানে জাতীয় তারকাদের দেখা যেতে পারে।
প্যান-ইন্ডিয়ান দর্শকদের মাথায় রেখে নির্মিতব্য এই জঙ্গলঘরানার অ্যাডভেঞ্চার ছবিটি হতে যাচ্ছে রোমাঞ্চ, সাসপেন্স আর চমকপ্রদ ভিজ্যুয়ালের এক দুর্দান্ত সংমিশ্রণ। তবে, কারা থাকছেন প্রধান চরিত্রে—তা এখনো রহস্যাবৃত।