শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
হাসির তারকা কপিল এখন ভয় আর গুলির শিকার!
অনলাইন ডেস্ক
অভিনয়ের রঙিন দুনিয়া ছেড়ে কানাডায় ব্যবসা শুরু করতে গিয়ে যেন ভয়ঙ্কর বিপদের ফাঁদে পড়েছেন ভারতের খ্যাতনামা কমেডিয়ান কপিল শর্মা। হাস্যরসের আলো ছেড়ে যখন পা বাড়ালেন ব্যবসার দিকে, তখন হয়তো কল্পনাও করেননি যে, একদিন নিজের রেস্তোরাঁর দরজায় গুলির শব্দ শুনবেন। বুধবার (৯ জুলাই) গভীর রাতে, টরন্টোর প্রাণকেন্দ্রে কপিলের নতুন চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে শুরু হয় গুলির ঝড়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, মাঝরাতে বন্ধ অবস্থায় থাকা ক্যাফেটির ওপর গুলি চালানো হয় মূলত কপিলকে হুমকি দিতে, আর সেই হামলার দায় স্বীকার করেছে জালিস্তানি জঙ্গিগোষ্ঠীর সদস্য হরজিৎ সিংহ লাড্ডি। আরও জানা যায়, এবার ‘শিখ ফর জাস্টিস’ গোষ্ঠীর নেতা গুরপাটওয়ান্ত সিংহ পন্নু হুমকি দিয়ে বলেছেন, কপিলকে কানাডা ছেড়ে ভারত ফিরে যেতে হবে।
এ প্রসঙ্গে পন্নু স্পষ্ট ভাষায় বলেন, ‘কপিল এবং মোদির অনুসারী ব্যবসায়ীদের জন্য কানাডা নয়। এটা তাদের জায়গা হতে পারে না। রক্তমাখা টাকা নিয়ে নিজের দেশে ফিরে যাও। কানাডা হিন্দুত্ববাদী আদর্শকে সমর্থন করে না।’ তিনি আরও জানান, যেসব ব্যক্তি জনসমক্ষে মোদির জয়গান করবে, তাদের এই দেশে জায়গা নেই।
গত কয়েক বছরে কপিল শর্মার কিছু বক্তব্যে চটে যান হরজিৎ সিংহ লাড্ডি। তিনি জানান, সেই ক্ষোভ থেকেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে এবং কপিলকে তাঁর কথার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগেও এমন ঘটনার সাক্ষী হয়েছে কানাডা। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভ্যাঙ্কুভারে গায়ক ও র্যাপার এপি ধীলোঁর বাড়িতে গুলি ছোড়া হয়। ঘটনায় অভিজিৎ কিংরা নামের ২৫ বছরের এক যুবক ধরা পড়ে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে, একই শহরে পাঞ্জাবি শিল্পী গিপ্পি গ্রেওয়ালের বাড়ির সামনেও হামলা হয়, যার দায় নিয়েছিল সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে অভিযুক্ত লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।