শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
বাঁধনের কণ্ঠে ফের জুলাই বিপ্লবের সাহসী গল্প!
অনলাইন ডেস্ক
অভিনেত্রী আজমেরী হক বাঁধন জুলাই গণঅভুত্থ্যানে রাজপথে সরব ছিলেন, যা দেশজুড়ে আলোচনায় আসে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরও দেশের নানা সমসাময়িক ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করে গেছেন এই অভিনেত্রী।
যদিও বাঁধন একাধিকবার বলেছেন, জুলাইয়ের আন্দোলনের পর কিছু ঘটনা তাকে হতাশ করেছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যারা জুলাই বিপ্লবকে ভুল বলে তাদের সমর্থন করেন না।
এ বিষয়ে বুধবার নিজের ফেসবুক স্ট্যাটাসে বাঁধন লেখেন, “যারা ভাবে জুলাই বিপ্লব ভুল ছিল — তাদের জন্য আসলে আমার করুণা হয়। সেই সময়ে ওই বিপ্লব অত্যন্ত জরুরি ছিল। মানুষ যে মাত্রায় অন্যায়, অবিচার আর নিপীড়নের মুখে পড়েছিল, তা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। সরকারও একদিনে ফ্যাসিস্ট হয়নি — ধাপে ধাপে মানুষের অধিকার আর কণ্ঠস্বর কেড়ে নিয়ে সেটি প্রতিষ্ঠা করেছে। তখন আর কোনো পথ খোলা ছিল না।”
৫ আগস্টের স্মৃতিচারণ করে বাঁধন জানান, “যারা ৫ আগস্ট রাস্তায় ছিল না, তারা কোনো দিন টের পাবে না সেই আনন্দ কতটা বিশুদ্ধ ছিল — যখন সে কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই আনন্দ ছিল একেবারে বাস্তব, এবং আমি তা নিজের প্রতিটি হৃদস্পন্দনে অনুভব করেছিলাম। রাস্তায় দাঁড়িয়ে একসাথে সেই স্বাধীনতা আর শক্তির অনুভূতি জীবনে একবারই আসে।”
সবশেষে বাঁধন লেখেন, “হ্যাঁ, বিপ্লবের পরে অনেক কিছু ঘটেছে, এবং সবই সুখকর হয়নি। তবে একটি কথা স্পষ্ট: জুলাই বিপ্লব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ছিল।”
এর আগেও জুলাইয়ের শুরুতে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধন বলেছিলেন, “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলন আমাকে আশা দিয়েছিল। দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সাহস জুগিয়েছিল। সহজ ছিল না সেই সিদ্ধান্ত, তবুও আমি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম।”
বাঁধন আরও লেখেন, “আমরা এক হয়েছিলাম এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে, যে রাষ্ট্র জনগণের টাকায় কেনা অস্ত্র তাক করেছিল তার নিজের জনগণের দিকেই। বিনা কারণে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছিল, নির্দোষ মানুষের মৃত্যু ঘটছিল। রিয়া মণির মতো শিশুরাও প্রাণ দিয়েছিল, কিন্তু বুঝে উঠতে পারেনি কেন মরতে হচ্ছে।”
অভিনেত্রীর ভাষায়, “আন্দোলনের সময় আমরা এক হয়েছিলাম আমাদের অধিকার আর দেশকে ভালোবেসে। সেটাই ছিল এক স্মরণীয় মুহূর্ত। আমরা স্বপ্ন দেখেছিলাম ভালো কিছুর। সেই স্বপ্ন আমি সবসময় বুকে লালন করব।”