রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
৫০ বছরের সংসারের পরিণতি হলো এক রক্তাক্ত ট্র্যাজেডি!
অনলাইন ডেস্ক
শরীয়তপুরের জাজিরায় পারিবারিক কলহ থেকে সংঘটিত এক মর্মান্তিক হত্যাকাণ্ডে স্ত্রী সোনাবান বিবিকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী করিম মুন্সী—এমনই অভিযোগ উঠেছে। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।
এর আগে, সোমবার (২৮ জুলাই) গভীর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় গোপালপুর এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, করিম মুন্সী ও সোনাবান বিবি জাজিরা উপজেলার বড় গোপালপুর এলাকার বাসিন্দা। তাদের পঞ্চাশ বছরের দাম্পত্য জীবনে দুটি পুত্র সন্তান ছিল, যারা এক বছর আগে পরপর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সন্তানহারা এই দম্পতি মানসিকভাবে ভেঙে পড়েন এবং উভয়েই নানা মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার রাতে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হলে, করিম মুন্সী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সোনাবান বিবিকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
প্রতিবেশীরা রক্তাক্ত ঘটনা দেখে পুলিশে খবর দিলে, জাজিরা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে ঘটনাস্থল থেকেই আটক করে।
ওসি মাইনুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”