রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
দুর্ঘটনার পর মানবিক পাশে দাঁড়াল বাংলাদেশ বিমান বাহিনী
অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সরেজমিনে গণমাধ্যম দেখতে পায়, সেখানে বিমান দুর্ঘটনায় আহতদের নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার শুরু হওয়া এই ক্যাম্প চলবে টানা এক সপ্তাহ।
বিমান বাহিনীর দক্ষ ১৫ সদস্যের একটি চিকিৎসক দল এ ক্যাম্প পরিচালনার দায়িত্বে রয়েছে।
জানা গেছে, দুর্ঘটনায় সামান্য দগ্ধ হওয়া, আগুনের তাপে ঝলসে যাওয়া কিংবা হালকা জখম পাওয়া ব্যক্তিদের ড্রেসিং ও চিকিৎসা করা হচ্ছে। যারা হাসপাতাল থেকে ছাড়া পেয়েও পুরোপুরি সুস্থ নন, তারাও এখানে চিকিৎসা নিচ্ছেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পটি চালু থাকে। ক্যাম্পে চিকিৎসা নিতে আসা অধিকাংশই প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও তাদের অভিভাবক বলে জানা গেছে।
এদিকে, তিনবার পেছানোর পর স্কুল কর্তৃপক্ষ নতুন করে জানায়—মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ৩ আগস্ট থেকে খোলা হবে।
এদিকে সোমবার (২৮ জুলাই) তেজগাঁও এভিয়েশন ইউনিভার্সিটিতে এক প্রেস ব্রিফিংয়ে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম জানান, দুর্ঘটনার দিন ওই ভবনে ক্লাস করছিলেন প্রায় ৭৩৮ জন শিক্ষার্থী। সাধারণত ৮০ শতাংশ উপস্থিতি থাকে বলে জানান তিনি।
প্রসঙ্গত, দুর্ঘটনায় নিহত, নিখোঁজ ও আহতদের প্রকৃত সংখ্যা নির্ধারণ ও ঠিকানাসহ তালিকা তৈরির জন্য শিক্ষা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার ফের মৃতের সংখ্যা সংশোধন করে জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী মাইলস্টোন দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। সাহিল ফারাবি আয়ানের মৃত্যুর পর তা বেড়ে ৩৪ জনে পৌঁছায়। এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে ২১ জুলাই।