রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
অস্ত্রের পাহাড়ে গুলি, রাঙ্গামাটির বনে ফের উত্তেজনা!
অনলাইন ডেস্ক
রাঙ্গামাটির পাহাড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। ভয়ংকর এই অভিযানে উদ্ধার করা হয়েছে একে-৪৭ রাইফেলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ।
মঙ্গলবার (২৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক রুদ্ধশ্বাস বিবৃতিতে জানানো হয়, রাঙ্গামাটির বাঘাইহাটের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ইউপিডিএফের গোপন আস্তানায় সেনাবাহিনী অভিযান চালালে উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়।
আইএসপিআর জানায়, অভিযানের সময় বিপজ্জনক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে সংঘর্ষ এখনও চলমান, আর পুরো অভিযান সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানানো হয়।
এর আগে, পার্বত্য অঞ্চলে সহিংসতা নতুন মাত্রা নেয় খাগড়াছড়ির পানছড়িতে, যেখানে ইউপিডিএফের অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য খুকু চাকমা (৪১) নির্মমভাবে খুন হন। এ ঘটনায় প্রভাবশালী জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা।
রোববার (২৭ জুলাই) রাতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা এক বিবৃতিতে বলেন, বিকেল ৩টার দিকে পানছড়ির উগুদোছড়ি গ্রামে বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে খুকু চাকমার ওপর অতর্কিতে গুলি চালায় পিকলু চাকমার নেতৃত্বাধীন জেএসএসের একদল সশস্ত্র সদস্য।
প্রথমে পায়ে গুলিবিদ্ধ করে আহত করা হয় খুকু চাকমাকে। পরে তাকে কাছ থেকে বন্দুক ঠেকিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পার্বত্য এলাকায় অশান্তির এ ঘটনাগুলো নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সেনা অভিযানের মাধ্যমে অস্ত্র ও সন্ত্রাস দমনে দৃশ্যত সক্রিয় হচ্ছে প্রশাসন।