রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
বিয়ের আনন্দে ছেদ, মধ্যরাতে ডাকাতি—শেষ পর্যন্ত ধরা পড়ল হোতা!
অনলাইন ডেস্ক
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে হানা দেওয়া ডাকাতির ঘটনায় অবশেষে কাদের মোল্লা নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (২৭ জুলাই) বিকেলে রাজবাড়ির পাংশা উপজেলার শিয়ালডাঙ্গি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া কাদের মোল্লা (৩৫) খোকসার শিমুলিয়া ইউনিয়নের বসুয়া গ্রামের মৃত ধেনু মোল্লার ছেলে। জানা গেছে, রাজবাড়ির পাংশা থানায় তার বিরুদ্ধে আরও একটি ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ জানায়, ২০ জুলাই বিধান কুমার রায়ের মেয়ের বিয়ের দিন ছিল। ইসলামপুর গ্রামের বাড়িতে রাতে চলছিল সাজসাজ রব। বিয়ের আনন্দমুখর পরিবেশেই হঠাৎ নেমে আসে আতঙ্ক। গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ ৯৬ হাজার টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় ২২ জুলাই বিধান কুমার রায় বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জন ডাকাতের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে নেমে পুলিশ মূল হোতা কাদের মোল্লাকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “২০ জুলাই ইসলামপুরে বিধান কুমার রায়ের বাসায় ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় অন্যতম অভিযুক্ত কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, “পাংশা থানায় তার বিরুদ্ধে পূর্বের ডাকাতির মামলা রয়েছে। খোকসার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।”