রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
টানা বৃষ্টিতে চট্টগ্রাম হাঁটু পানিতে, পরীক্ষা দিতে ভিজেই চলা!
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো ভোর থেকে টানা বৃষ্টিতে ডুবে গেছে। সোমবার (২৮ জুলাই) ভোর থেকেই থেমে থেমে প্রবল বৃষ্টির ফলে নগরের বহু জায়গায় হাঁটুসমান জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে দারুণ ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থীরা এবং এইচএসসি পরীক্ষার্থীরা।
নগরের প্রবর্তক মোড়, রেয়াজউদ্দিন বাজার, কাপাসগোলা, তিনপোল, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাদুরতলা, চকবাজার, জুবিলি রোড, বড়গ্যারেজ, সিরাজদৌল্লাহ সড়ক, জিইসি মোড়, দুই নম্বর গেট, ওয়াসা, হালিশহর, মোহাম্মদ আলী রোড, পাঁচলাইশ, আতুরার ডিপো ও আগ্রাবাদ এলাকায় পানিতে হাঁটা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
ভুক্তভোগী আহমদ কামরান বলেন, মেয়েকে পরীক্ষার কেন্দ্রে নিতে সিএনজিতে উঠতেই চালক অতিরিক্ত ভাড়া চাইলেন, অবশেষে দ্বিগুণ দিয়েই যেতে হয়েছে।
এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান জানান, ছাতা নিয়েও ভেজা থেকে রক্ষা পাইনি। গাড়ি থেকে নামতেই পানিতে পুরো কাপড় ভিজে যায়, ভেজা শরীরেই পরীক্ষা দিতে হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পতেঙ্গায় ২৮ দশমিক ২ মিলিমিটার এবং আমবাগান আবহাওয়া কেন্দ্রে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আমবাগান আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন কুমার ‘গণমাধ্যম’কে বলেন, চট্টগ্রামে বৃষ্টির দাপট চলছে এবং এ ধারা আরও এক-দুদিন স্থায়ী হতে পারে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা জানান, ড্রেন-খাল পরিষ্কার থাকলেও বৃষ্টির মাত্রা বেশি থাকায় কিছু এলাকায় পানি জমে গেছে।