রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর সামাজিক সুরক্ষা শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপে থাকা পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে এ কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড কীভাবে পাওয়া যাবে এবং আবেদন করতে কী কী প্রয়োজন, তা নিয়ে আলোচনা চলছে।
এই কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে। বিশেষভাবে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে এই অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নারীর ক্ষমতায়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে চালু থাকা অনেক সামাজিক ভাতার তুলনায় ফ্যামিলি কার্ডের আওতায় সহায়তার পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। পাশাপাশি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে।
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে। এতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে, ফলে অনিয়ম, ভুয়া তালিকা ও মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমে আসবে।
প্রথম ধাপে দেশের কিছু নির্দিষ্ট এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম চালু করা হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করে ধাপে ধাপে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
যদিও পূর্ণাঙ্গ আবেদন কার্যক্রম এখনো শুরু হয়নি, তবুও আগাম প্রস্তুতি হিসেবে সম্ভাব্য আবেদনকারীদের নিচের কাগজপত্র সংগ্রহে রাখতে বলা হয়েছে—
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)
২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৩. একটি সচল মোবাইল নম্বর
পাইলট কার্যক্রম শেষ হওয়ার পর ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার সুযোগ দিতে একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও চলছে।
প্রতি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে মাসিক নগদ সহায়তা অথবা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে।
সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সরাসরি উপকৃত হবে এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে।
এদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটিতে অর্থমন্ত্রীকে সভাপতি করে আরও ১৪ জনকে সদস্য করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ ছাড়া কমিটিতে মন্ত্রিপরিষদসচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব অন্তর্ভুক্ত থাকবেন।