রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২১৩টির বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা ১৬৫টি আসনে বিজয় অর্জন করেছেন। এর ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৪৫টি আসনে জয়লাভ করেছে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা দুটি আসনে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ভোট গণনা শেষে সংশ্লিষ্ট আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিভিন্ন এলাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় সাধারণ ভোটারদের।
বিশেষ করে তরুণ ভোটারদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের ভোটাররা আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের মতামত প্রদানে উৎসাহ দেখিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় ভোট গণনার কার্যক্রম, যা রাত পর্যন্ত অব্যাহত থাকে।
উল্লেখ্য, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন স্থগিত থাকায় এবারের নির্বাচনে ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৪ জন। মোট নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮৩ জন।
নারী প্রার্থীদের মধ্যে ৬৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং ২০ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ছিলেন ১ হাজার ২৩২ জন। এছাড়া প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।