রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
হজ শেষে দেশে ফিরলেন হাজারো বাংলাদেশি, চলছে ফিরতি ফ্লাইট!
অনলাইন ডেস্ক
পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ জন বাংলাদেশি হাজি।
শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।
ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫১ হাজার ৭৪১ জন।
বাংলাদেশি হজযাত্রী পরিবহণে কাজ করেছে তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস।
এদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশে ফিরিয়ে এনেছে ২৪ হাজার ৯৭২ জন, সৌদি এয়ারলাইন্স এনেছে ২৩ হাজার এবং ফ্লাইনাস ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।
এ পর্যন্ত মোট ১৪৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালিয়েছে ৬৬টি, সৌদি এয়ারলাইন্স ৬০টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।
হজযাত্রা শুরু হয় গত ২৯ এপ্রিল থেকে এবং শেষ হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেয় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত।
এ বছর হজ পালনের সময় সৌদি আরবে মোট ৩৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন।