রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
তিনবার গ্রিন টি, বদলে যাবে ত্বক আর শরীর!
অনলাইন ডেস্ক
ওজন কমাতে গ্রিন টি হতে পারে এক বিশ্বস্ত সঙ্গী। তবে মাঝেমধ্যে নয়, নিয়ম করে প্রতিদিন অন্তত তিন কাপ খাওয়ার অভ্যাস গড়তে হবে, তবেই মিলবে কার্যকর ফলাফল। যদিও অনেকে এর স্বাদ পছন্দ না করায় নিয়মিত পান করতে আগ্রহ দেখান না।
তবে চিন্তার কিছু নেই—স্বাদের সামান্য পরিবর্তন এবং কিছু সহজ কৌশলেই এটি রোজকার জীবনে যুক্ত করা সম্ভব। চলুন, দেখে নিই কিভাবে।
গ্রিন টি পান করুন নিয়ম করে
চিনি ও দুধ মেশানো চা যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি এটি অতিরিক্ত ক্যালোরি যুক্ত করে। তাই চাইলে এটি বাদ দিয়ে গ্রিন টি-কে অভ্যাসে পরিণত করা যেতে পারে। প্রথমেই ঘরে গ্রিন টি মজুত রাখুন। চা বানাতে গেলে হাতে থাকলেই ধীরে ধীরে তৈরি হবে অভ্যাস। বাজারে পাওয়া লেমন-হানি, মিন্ট বা জুঁই স্বাদের গ্রিন টি বেছে নিলে স্বাদেও আসবে ভিন্নতা।
নতুন স্বাদে আনুন নতুন অভ্যাস
গরম পানিতে শুধু গ্রিন টি ফুটিয়ে খেতে সবার ভালো না-ও লাগতে পারে। তাই একঘেয়েমি কাটাতে এক কাপ গ্রিন টি-তে কয়েক ফোঁটা লেবুর রস কিংবা এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন। তবে সতর্ক থাকতে হবে—গ্রিন টি বেশি সময় ফুটলে তেতো হয়ে যায়, তাই এক-দেড় মিনিটের বেশি ফুটানো যাবে না।
কখন খাবেন, সেটাও গুরুত্বপূর্ণ
গ্রিন টি খাওয়ার সবচেয়ে উপযোগী সময় হলো সকালের নাস্তার কিছু পর এবং দুপুর বা বিকেলের দিকে। খালি পেটে কিংবা সন্ধ্যার পরে খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে অথবা ঘুমে বিঘ্ন ঘটাতে পারে। নিয়মিত করতে চাইলে মোবাইলে অ্যালার্ম বা রিমাইন্ডার সেট করুন—ফোনই আপনাকে মনে করিয়ে দেবে, “গ্রিন টি খাওয়ার সময় হয়েছে!”
অভ্যাস গড়তে চাই সচেতনতা ও ধৈর্য
স্বাস্থ্যকর অভ্যাস হঠাৎ করে আসে না। যেমন সময় নিয়ে চিনি-দুধের চা আমাদের জীবনে জায়গা করে নিয়েছে, ঠিক তেমনি ধীরে ধীরে দিনে তিনবার গ্রিন টি পান করাও অভ্যাসে পরিণত করা সম্ভব। ত্বকের উজ্জ্বলতা থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণ—সবক্ষেত্রেই গ্রিন টি হতে পারে আপনার প্রাকৃতিক সমাধান।