রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সাদিকা জাহান
তরমুজ গ্রীষ্মের একটি জনপ্রিয় রসালো ফল, যা রোজার সময় বিশেষ চাহিদা পায়। তবে সাম্প্রতিক সময়ে বাজারে তরমুজের দাম বেশ চড়া। দামের সঙ্গে সঙ্গে স্বাদহীন এবং অপরিপক্ক তরমুজ বিক্রির অভিযোগও রয়েছে। তাই সুস্বাদু এবং পাকা তরমুজ বেছে নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি।
তরমুজ কেনার আগে বোটা পরীক্ষা করা উচিত। তরমুজের বোটা যদি সবুজ থাকে, তবে এটি গাছপাকা এবং তাজা হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে, বোটা যদি কালো বা হলুদ হয়, তবে তরমুজটি অনেক আগে কাটা হয়েছে এবং স্বাদে তেমন মিষ্টি নাও হতে পারে। তরমুজের পাকা ও কাঁচা পার্থক্য করার জন্য এটি একটি কার্যকর উপায়।
ধ্বনি পরীক্ষা করাও একটি গুরুত্বপূর্ণ কৌশল। তরমুজের গায়ে চার আঙুল দিয়ে হালকা আঘাত করলে যদি মোটা শব্দ আসে, তবে এটি পাকা তরমুজের লক্ষণ। কিন্তু চিকন এবং ফাঁপা শব্দ হলে বুঝতে হবে তরমুজটি কাঁচা। পাকা তরমুজে শর্করা বেড়ে যাওয়ার ফলে ভ্যাকিউল তৈরি হয়, যা শব্দে পরিবর্তন আনে।
ডোরা কাটা তরমুজের গঠন লক্ষ্য করাও জরুরি। তরমুজের গায়ে ডোরা কাটা দাগের মাঝে ফাঁক বেশি থাকলে এটি ভালো এবং পাকা তরমুজ হওয়ার সম্ভাবনা বেশি।
মাটির সাথে থাকা অংশের রঙও গুরুত্বপূর্ণ। তরমুজের নিচে হলুদাভ ফিল্ড স্পট থাকলে এটি পাকার লক্ষণ, আর সাদা স্পট থাকলে এটি কাঁচা হতে পারে। ওজনের দিকেও নজর রাখা উচিত। তুলনামূলকভাবে ভারী তরমুজ সাধারণত রসে পূর্ণ এবং পাকা হয়।
বাদামী জালিকা থাকা তরমুজ সাধারণত সুস্বাদু হয়। এই জালিকা প্রমাণ করে যে তরমুজটি প্রাকৃতিকভাবে পেকেছে এবং স্বাদে উন্নত। পাশাপাশি তরমুজের আকারও গুরুত্বপূর্ণ। সিমেট্রিকাল আকারের তরমুজ বেশি পাকা এবং সুস্বাদু হওয়ার সম্ভাবনা থাকে।
তরমুজে কোনো ধরনের ক্ষত বা ডিম্পল থাকলে তা পচন বা নষ্ট হওয়ার ইঙ্গিত দেয়। তাই তরমুজ কেনার সময় এই বিষয়গুলো মনে রেখে বাছাই করা উচিত, যাতে টাটকা, মিষ্টি এবং রসে ভরা তরমুজ উপভোগ করা যায়।