রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সাদিকা জাহান
গাজরের মৌসুম শেষের দিকে, আর এখন বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। শীতকালীন সবজিগুলোর মধ্যে গাজর বেশ জনপ্রিয় এবং এটি দিয়ে তৈরি হয় নানান সুস্বাদু খাবার।
গাজরের হালুয়া অনেকেরই পছন্দের খাবার। তবে শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও গাজর অনন্য। তাই গাজরের হালুয়া, সালাদ, আচার, শেক কিংবা অন্যান্য উপায়ে এটি খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
পুষ্টিবিদদের মতে, গাজরে রয়েছে ভিটামিন এ, সি, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রনসহ বিভিন্ন উপকারী পুষ্টি উপাদান।
গাজরের ফাইবার হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সহায়ক।
এছাড়া গাজর দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে, ক্যান্সারের ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হৃদরোগ প্রতিরোধে কার্যকর। জেনে নিই, কারা গাজর খেলে বিশেষভাবে উপকৃত হতে পারেন।
ত্বকের সমস্যায়:
গাজরের ভিটামিন এ ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের সুস্থতা রক্ষা করে এবং ফ্রি র্যাডিক্যালের ক্ষতি প্রতিরোধ করে। এটি ত্বকের পুনর্জন্মেও সাহায্য করে।
হজমের সমস্যা:
গাজরে প্রচুর ফাইবার থাকে, যা অন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং সামগ্রিকভাবে হজমশক্তি উন্নত করে।
উচ্চ কোলেস্টেরল:
গাজরে থাকা পটাশিয়াম ও ফাইবার হৃদরোগের ঝুঁকি কমায়। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমায়।
ডায়াবেটিস:
গাজর মিষ্টি স্বাদের হলেও এর গ্লাইসেমিক সূচক তুলনামূলক কম, যা রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়তে দেয় না এবং চিনির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
ওজন বেশি হলে:
গাজরে ক্যালোরি কম থাকায় ওজন কমাতে সহায়ক। এতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে।
দৃষ্টিশক্তি কম হলে:
গাজর বিটা ক্যারোটিনের অন্যতম সেরা উৎস, যা লিভারে গিয়ে ভিটামিন এ-তে পরিণত হয়। এরপর এটি রোডোপসিন নামক প্রোটিন তৈরি করে, যা চোখের রেটিনায় আলোকে রাসায়নিক সংকেতে রূপান্তরিত করতে সাহায্য করে।
ভিটামিন এ-এর অভাব:
ভালো দৃষ্টিশক্তি, সুস্থ ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন এ অপরিহার্য। তাই যাদের শরীরে এই ভিটামিনের ঘাটতি রয়েছে, তারা খাদ্যতালিকায় গাজর যোগ করে উপকার পেতে পারেন।
গাজরের অসাধারণ উপকারিতা বিবেচনায় রেখে প্রতিদিনের খাদ্যতালিকায় এটি যুক্ত করুন এবং সুস্থ থাকুন