রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
নিজের সঙ্গেই প্রেমে পড়া যায়, শুধু দরকার একটু সাহস আর সময়!
অনলাইন ডেস্ক
একাকিত্ব মানেই দুর্বলতা—এই ভুল ধারণা আমাদের অনেকের মনেই গেঁথে আছে। অথচ বাস্তবে অন্তর্মুখী বা ইনট্রোভার্ট মানুষেরা প্রমাণ করে দিচ্ছেন, একা সময় কাটানো মানেই হলো নিজেকে নতুন করে আবিষ্কার করা, নিজেকে ভালোবাসার আরেক নাম। লন্ডনের মনোবিজ্ঞানী নাটালি বেইলি সম্প্রতি জানিয়েছেন, একা থাকা মানে বিচ্ছিন্নতা নয়, বরং নিজেকে চেনার শ্রেষ্ঠ উপায়।
আজকাল অনেকেই “সলো ডেট” নামক এক নতুন ধারণার সঙ্গে পরিচিত হচ্ছেন। নিজের সঙ্গে সময় কাটানো, একা রেস্তোরাঁয় খাওয়া, একা সিনেমা দেখা কিংবা ঘুরতে যাওয়া—এই কাজগুলো এখন আর অদ্ভুত কিছু নয়। বরং এগুলো একা মানুষদের মানসিক দৃঢ়তা ও আত্মনির্ভরশীলতা প্রকাশের শক্তিশালী মাধ্যম হয়ে উঠছে। গবেষণা বলছে, যারা ইচ্ছা করে একা কোথাও ঘুরতে যান বা সময় কাটান, তারা আত্মবিশ্বাসী হন এবং অন্যদের তুলনায় বেশি আত্মসচেতন।
নিজের জন্য সময় বরাদ্দ রাখা মানে হলো নিজের রুচি, পছন্দ, সিদ্ধান্তকে সম্মান জানানো। আপনি যখন নিজে কোথায় যাবেন, কী খাবেন, কত সময় কোথায় কাটাবেন—এসব সিদ্ধান্ত নিজেই নেন, তখনই বুঝে ফেলেন জীবনের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে। এতে আত্মতুষ্টি আসে, নিজের প্রতি ভালোবাসা জন্মায় এবং ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়ে ওঠে।
একাকিত্বকে শক্তিতে পরিণত করার উপায়গুলোও বেশ সহজ। আপনার প্রিয় কোনো বই হাতে নিয়ে ক্যাফেতে বসুন, হেডফোনে প্রিয় গান শুনতে শুনতে পার্কে হাঁটুন বা নতুন কোনো কোর্সে ভর্তি হয়ে যান। প্রথমে অস্বস্তি লাগলেও ধীরে ধীরে একা সময় কাটানো হয়ে উঠবে প্রিয় অভ্যাস। তবে মনে রাখতে হবে, একা সময় কাটানো মানে একেবারে সম্পর্ক থেকে দূরে থাকা নয়। বরং এটি নিজের সঙ্গে সম্পর্কের গভীরতা তৈরি করে, যাতে অন্য সম্পর্কগুলোর মূল্যও বাড়ে।
তাই একাকিত্বকে ভয় নয়, ভালোবাসা দিন। আপনি নিজেই হোন নিজের সবচেয়ে শক্তিশালী সঙ্গী। দেখবেন, জীবনের প্রতিটি বাঁকে আপনি আগের চেয়েও বেশি শক্তিশালী, শান্ত এবং পরিপূর্ণ হয়ে উঠেছেন।