বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
পোশাক শুধু সৌন্দর্য নয়, স্বাস্থ্য আর আত্মবিশ্বাসের গোপন চাবিকাঠিও এটি!
অনলাইন ডেস্ক
আমরা প্রতিদিন যা পরি, তা শুধু স্টাইল বা ট্রেন্ডের জন্য নয়—আমাদের মানসিক অবস্থা, শরীরের স্বস্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে এক গভীর সম্পর্ক। বিশ্বাস না হলে একটু ভাবুন, কোন দিন মনের মতো আরামদায়ক পোশাক পরলে সারাদিন কেমন হালকা লাগে!
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সুতি, লিনেন, সিল্ক বা উলের মতো প্রাকৃতিক কাপড় আমাদের শরীর ও মনে একধরনের ইতিবাচক প্রভাব ফেলে। এসব কাপড়ে গায়ে আরাম লাগে, ত্বক শ্বাস নিতে পারে, আর ঘাম জমে অস্বস্তি বাড়ায় না। শুধু আরামদায়কই নয়—প্রাকৃতিক ফেব্রিক চনমনে ভাব এনে দেয়, এমনকি রোগ থেকে সেরে ওঠার সময়েও সাহায্য করতে পারে!
পলিয়েস্টার বা সিনথেটিক কাপড়ে লুকিয়ে থাকে ক্ষতিকর রাসায়নিক উপাদান, যা আমাদের ‘এনার্জি’ নিঃশেষ করে দেয়। এ ধরনের কাপড়ের মধ্যে বাতাস চলাচল কম হয়, ফলে ঘাম জমে ব্যাকটেরিয়া জন্ম নেয়। এতে অ্যাকনি, র্যাশ, সোরিয়াসিসসহ নানা ত্বকের সমস্যা দেখা দেয়। সেই সঙ্গে মাথাব্যথা, ক্লান্তি, ঘুমের সমস্যা এবং অবসাদের মতো মানসিক সমস্যাও দেখা দিতে পারে।
কোন পোশাক আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে? উত্তরটা বেশ সহজ—যা আপনার দেহের সঙ্গে মানিয়ে যায়, আরাম দেয়, এবং আপনাকে নিজের মতো করে প্রকাশ করতে দেয়। গবেষণায় দেখা গেছে, শরীরের গড়নের সঙ্গে মানানসই ভালো ফিটিংয়ের পোশাক আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। খুব আঁটসাঁট বা ঢিলেঢালা পোশাক পরিহার করাই ভালো।
‘পাওয়ার ড্রেসিং’-এর মাধ্যমে মানুষ নিজের উপস্থিতিকে আরও প্রভাবশালী করতে পারে। আপনি যদি চাচ্ছেন অফিসে, মিটিংয়ে বা সামাজিক আয়োজনে নিজের উপস্থিতি অন্যদের মনে গেঁথে দিতে—তবে পোশাকের মাধ্যমে আপনার ভেতরের শক্তিটাকে ফুটিয়ে তুলুন।
শুধু ফ্যাশনের জন্য নয়, নিজের সুস্থতা, মেজাজ আর আত্মবিশ্বাস বাড়াতেও সচেতনভাবে পোশাক বেছে নিন। কারণ, আপনি যেভাবে পোশাক পরেন, সেটাই বলে দেয় আপনি নিজেকে কতটা গুরুত্ব দেন!