রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
ভিজে গেল ল্যাপটপ? এখনই বাঁচান এই সহজ উপায়ে!
অনলাইন ডেস্ক
ভ্যাবসা গরমের মধ্যেই হুটহাট নামে বৃষ্টি। এমন অনাকাঙ্ক্ষিত ঝড়বৃষ্টিতে আপনার প্রিয় ইলেকট্রনিক ডিভাইস ভিজে গেলেই বড় বিপদ। বিশেষ করে অফিসের ল্যাপটপ পানিতে ভিজে গেলে তাৎক্ষণিক সঠিক ব্যবস্থা না নিলে পুরো ডিভাইসটাই বিকল হয়ে যেতে পারে। এমন পরিস্থিতি এড়াতে কিছু টিপস জেনে রাখা জরুরি।
দ্রুত বন্ধ করুন এবং চার্জার খুলে ফেলুন: হঠাৎ বৃষ্টিতে ল্যাপটপ ভিজে গেলে সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে দিন। যদি চার্জার যুক্ত থাকে, অবিলম্বে খুলে ফেলুন। ভেজা অবস্থায় বিদ্যুৎ সংযোগ থাকলে তা শর্ট সার্কিটের মাধ্যমে বড় ক্ষতির কারণ হতে পারে।
ব্যাটারি ও যন্ত্রাংশ খুলে নিন: যদি আপনার ল্যাপটপে আলাদা করে ব্যাটারি খোলার সুবিধা থাকে, সঙ্গে সঙ্গে খুলে ফেলুন। একই সঙ্গে হার্ডড্রাইভ, র্যাম ও অন্যান্য খোলা অংশগুলো ধীরে ও সতর্কভাবে খুলে আলাদা করে রাখুন।
শুকনো কাপড় দিয়ে মুছুন: বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশ যতটা সম্ভব শুকনো তোয়ালে বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। কোথাও পানি জমে থাকলে তা খেয়াল করে পরিষ্কার করুন।
উল্টো করে শুকাতে দিন: কীবোর্ড নিচে ও স্ক্রিন ওপরে রেখে এমনভাবে রাখুন যাতে ভিতরের পানি বেরিয়ে আসতে পারে। খেয়াল রাখবেন, জায়গাটি যেন শুকনো ও হাওয়াবহুল হয়।
অতিরিক্ত সতর্কতা: অনেকেই চটজলদি শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন—এটি বিপজ্জনক। অতিরিক্ত তাপে ডিভাইসের সংবেদনশীল অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। কেউ কেউ মোবাইল ফোনের মতো রাইসের মধ্যে রেখে দেয়—তবে ল্যাপটপের জন্য এই কৌশল খুব একটা কার্যকর নয়।
ভেজা অবস্থায় ল্যাপটপ চালু করলে কিংবা চার্জার সংযুক্ত করলে সার্কিট চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং সাবধান থাকুন, সচেতন থাকুন।