মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
এক নিমিষে ফ্লাইওভারেই থেমে গেল জীবন যুদ্ধ!
অনলাইন ডেস্ক
রাজধানীর বংশাল থানার হানিফ ফ্লাইওভারের একটি বৈদ্যুতিক ল্যাম্পপোস্টে কাজ করার সময় নিচে পড়ে মোজাম্মেল হোসেন (৩৩) নামে এক প্রযুক্তি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সঙ্গে থাকা সহকর্মী আশিকুজ্জামান জানান, সকালের দিকে তারা ফ্লাইওভারের ল্যাম্পপোস্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ করছিলেন। হঠাৎ করেই মোজাম্মেল উপরে থেকে ছিটকে নিচে পড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, ল্যাম্পপোস্টে প্রথমে উপরে ওঠেন মোজাম্মেল, নিচে ছিলেন তার ছোট ভাই। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাকি স্ট্রোক করে তিনি পড়ে গেছেন—এখনও নিশ্চিত নই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।