মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
উড়তেই আগুন, ফিরিয়ে আনলেন সাহসী পাইলট ২৯০ প্রাণ!
অনলাইন ডেস্ক
উড্ডয়নের পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হলে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। নাটকীয় এ ঘটনায় ২৯০ যাত্রী অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।
আজ মঙ্গলবার ভোর ৭টার দিকে এ ভয়াবহ পরিস্থিতির জন্ম হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
তিনি বলেন, উড্ডয়নের সময় একটি বড় পাখির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনে আগুনের ঝলকানি দেখা দিলে পাইলট মুহূর্তে ঝুঁকি বুঝে দ্রুত জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সৌভাগ্যবশত কেউ আহত হননি, যাত্রীরা সবাই নিরাপদে আছেন।
জানা গেছে, TK713 ফ্লাইট নম্বরের তার্কিশ এয়ারলাইন্সের এই এয়ারবাস A330-303 বিমানটি সকাল ৭টার দিকে ২৯০ যাত্রী নিয়ে ইস্তাম্বুলের পথে উড়াল দেয়। কিন্তু আকাশে উঠেই ইঞ্জিনে অগ্নির ঝলকানি দেখে তাৎক্ষণিক অবতরণ করেন পাইলট। সাহসিকতা ও দ্রুত সিদ্ধান্তই বাঁচিয়ে দেয় শত শত প্রাণ।