মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সাহসী উড়ান, বীরত্বে সম্মান!
অনলাইন ডেস্ক
চাকা খুলে যাওয়া সেই রোমাঞ্চকর ফ্লাইটের সাহসী ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রুদের বিশেষ সম্মাননায় ভূষিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সোমবার (১৯ মে) কুর্মিটোলার বলাকা ভবনের সম্মেলনকক্ষে এক আয়োজনে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাদের হাতে তুলে দেন সম্মাননা স্মারক—বীরত্বের নিদর্শন হিসেবে।
গণমাধ্যমে পাঠানো মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটের পেছনের একটি চাকা মাঝ আকাশে খুলে পড়লেও ক্যাপ্টেন জেএসএমএম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম ও কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিনের দৃঢ়তা আর দক্ষতায় ফ্লাইটটি অবতরণ করে নিখুঁতভাবে, বাঁচে অসংখ্য প্রাণ।
উক্ত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপদেষ্টা এই বিপর্যয় সামাল দেওয়ার ‘অসামান্য দক্ষতা ও সাহসিকতার জন্য’ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশনা দেন।
পরবর্তীতে উপদেষ্টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রস্তুতি ও সক্ষমতা বিষয়ক একটি তথ্যপূর্ণ প্রেজেন্টেশনে অংশ নেন। পরিদর্শন শেষে তিনি টার্মিনালের কাজ নির্ধারিত সময়েই গুণগতভাবে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান এবং মন্ত্রণালয় ও বিমান সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা।