মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
মন থেকে চাইলে সীমিত সামর্থ্যই বদল আনতে পারে!
অনলাইন ডেস্ক
সীমিত সম্পদের মাঝেও মন থেকে চাইলে স্বাস্থ্যসেবার মান ২৫ শতাংশ বাড়ানো সম্ভব—এমন অভিমত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনীতে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “জনবল, যন্ত্রপাতি কিংবা বাজেট কম—এই অজুহাতে আর চলবে না। যতটুকু আছে, তা দিয়েই চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং একইসঙ্গে সমস্যার সমাধান খুঁজতে হবে।”
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা নানা ঘাটতির মধ্যে আছি—সেটা স্বীকার করে নিজেদের জিজ্ঞেস করতে হবে, কীভাবে আরও ভালো করা যায়। স্বাস্থ্য খাতে ঘাটতি সত্ত্বেও গুণগত মান বাড়ানো সম্ভব।”
তিনি আরও বলেন, “সমস্যা নিয়ে একে অপরকে দোষারোপ না করে সবাই মিলে উদ্যোগ নিতে হবে। নিয়ম-কানুন মেনে চললেই সেবা খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব।”
ড. ইউনূস জোর দিয়ে বলেন, “সিভিল সার্জনরা আন্তরিক হলে অল্প সম্পদেও স্বাস্থ্যসেবার মান অন্তত ২৫ শতাংশ বাড়ানো সম্ভব। শুধু দায়িত্বশীল হতে হবে এবং সিস্টেম ঠিকভাবে অনুসরণ করতে হবে।”
প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলন সম্পর্কে তিনি বলেন, “এতদিন সিভিল সার্জনদের সম্মেলন হয়নি, বিষয়টি বিস্ময়কর। সরাসরি সাক্ষাৎ, আলোচনা ও সমন্বয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে জেলার স্বাস্থ্য খাতের বহু জটিলতা চিহ্নিত ও সমাধান হবে।
উল্লেখ্য, প্রতি বছর দেশের ৬৪ জেলার ডিসিদের নিয়ে ‘ডিসি সম্মেলন’ হয়, যেখানে উন্নয়ন ও প্রশাসনিক নানা বিষয় উঠে আসে। এবার সেই ধারা অনুসরণ করে ৬৪ জেলার সিভিল সার্জনদের নিয়ে হচ্ছে প্রথম ‘সিভিল সার্জন সম্মেলন’—এ কথা জানান তিনি গণমাধ্যমকে।