মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সড়ক অবরোধ নয়, জনস্বার্থেই ট্রাফিক সচেতনতা জরুরি
অনলাইন ডেস্ক
রাজপথে যত্রতত্র সড়ক অবরোধ করে দাবি আদায়ের প্রবণতা বাড়ায় এবার কড়া বার্তা দিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১২ মে) ডিএমপি ডিসি মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়—বিভিন্ন দাবি-দাওয়া, আন্দোলন কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে রাজধানীর ব্যস্ত সড়কে হঠাৎ অবরোধের ফলে তীব্র যানজট তৈরি হচ্ছে। এতে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। বিদেশগামী যাত্রীরা এবং জরুরি চিকিৎসাসেবার প্রয়োজনে থাকা রোগীবাহী যানবাহনও ভোগান্তির শিকার হচ্ছেন। ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করলেও, এ ধরনের আকস্মিক অবরোধ নগরজীবনকে প্রায় অচল করে দিচ্ছে।
এ অবস্থায়, নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অনুরোধ জানানো হয়েছে—যে কোনো কারণেই হোক, যেন অহেতুক রাস্তা অবরোধ না করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।