মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ? শেষ সিদ্ধান্ত গেজেটের পরেই!
অনলাইন ডেস্ক
নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত সরকারের নিষিদ্ধ ঘোষণা গেজেট আকারে প্রকাশের পরই নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১১ মে) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, “সরকার যদি গেজেট প্রকাশ করে, তাহলে আমরা কমিশনে বসে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আমাদের সিদ্ধান্ত হতে হবে বর্তমান বাংলাদেশের বাস্তবতা ও স্পিরিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কালই যদি গেজেট আসে, তাহলে কালই আলোচনায় বসে সিদ্ধান্ত হবে।”
এর আগে শনিবার (১০ মে) রাত ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সংক্রান্ত গেজেট পরবর্তী কর্মদিবসে প্রকাশ করা হবে।