মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু ঘোষণা দিয়েছেন, এখন টিভির দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যারা জড়িত, তারা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় কোনো দলীয় বিবেচনা নয়, আইনের শাসনই হবে মূল ভিত্তি।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দুঃখ প্রকাশ করে এসপি সাইফুল ইসলাম বলেন, “জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীরা এখন এতটাই প্রভাবশালী যে, তারা সাংবাদিকদের ওপর হামলা চালাতে দ্বিধা করছে না। এই জায়গাটি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে, যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।” তিনি আরও বলেন, “সাংবাদিক সমাজ আমাদের সহযোগিতা করলে আমরা এই মুখোশধারী অপরাধীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করব।”
হামলার শিকার হোসাইন জিয়াদ বর্ণনা দেন, “আমার সহকর্মীর ওপর যে হামলা হয়েছে, তা সাংবাদিকদের নিরাপত্তা ও বাকস্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি।”
পরে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের (সিটিআরএন) প্রতিনিধি দল পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দেয়। সেখানে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস, লতিফা আনসারী রুনা, আকরাম হোসেন, মুজিবুল হক, আহমেদ রাকিব, সাইফুল ইসলাম ও ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, এখন টিভির ব্যুরো প্রধান ও সিটিআরএনের আহ্বায়ক হোসাইন জিয়াদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিটিআরএনের যুগ্ম আহ্বায়ক একে আজাদ, নির্বাহী সদস্য আরিচ আহমেদ শাহ ও তাম্মিম মাহামুদসহ চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকরা।