বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো আলোচনা বা নির্দেশ দেননি প্রধান উপদেষ্টা—এ তথ্য নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম।
জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুবাদের সময় ভুল বোঝাবুঝি হয়েছে। মূল বক্তব্যে কোথাও আওয়ামী লীগের কার্যক্রমে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা নেই, বরং তিনি দলের বর্তমান স্ট্যাটাস সম্পর্কেই মন্তব্য করেছিলেন।
প্রেস সচিবের ভাষায়—প্রধান উপদেষ্টা কখনই বলেননি যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। অনুবাদের সময় কোনো বক্তব্য আংশিকভাবে বা প্রেক্ষাপট ছাড়া নেওয়া হলে তা বিভ্রান্তি তৈরি করতে পারে। সামগ্রিকভাবে তার বক্তব্য পরিষ্কার—আওয়ামী লীগের ওপর বর্তমান নিষেধাজ্ঞা বহাল আছে, এ বিষয়ে কোনো ছাড় বা পরিবর্তনের প্রশ্নই ওঠে না।
শফিকুল আলম আরও বলেন, “নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত ব্যাখ্যা সম্পূর্ণভাবে ভুল অনুবাদ থেকে এসেছে। পিআইবির ফ্যাক্টচেক সেই বিভ্রান্তি দূর করেছে। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন—সরকারের কোনো পরিকল্পনা নেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের।”
তিনি যোগ করেন, নির্বাচন কমিশনও প্রেক্ষাপট অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ করেছে। ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না—এটি পরিষ্কার ও নির্দিষ্ট সিদ্ধান্ত।
প্রেস সচিব বলেন, “অনুবাদকারীরা অনেক সময় বক্তব্যের আগের ও পরের প্রসঙ্গ উপেক্ষা করেন। এতে বাক্যের অর্থ বিকৃত হয়ে যায়। এই ক্ষেত্রেও সেটিই ঘটেছে।”
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, “কোনো অনিশ্চয়তা নেই। জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সনদ স্বাক্ষরিত হবে বলে আশা করছি। রাজনীতিকরা নির্বাচনে মনোনিবেশ করছেন, গ্রামাঞ্চলে নির্বাচনমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিটি এলাকায় প্রার্থীদের ব্যানার, প্রচারণা ও উৎসাহ স্পষ্টভাবে নির্বাচনী উত্তেজনা তৈরি করেছে।”