বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
রোহিঙ্গা সংকটের স্থায়ী ও ন্যায্য সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে ৭ দফা বাস্তবমুখী সুপারিশ উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে মূল বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বক্তৃতায় ড. ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট আজ বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে, যা কেবল আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রচেষ্টার মাধ্যমেই সমাধান সম্ভব। তিনি মিয়ানমার সরকারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি এবং ন্যায়বিচারভিত্তিক সমাধানের ওপর জোর দেন।
প্রধান উপদেষ্টার সাত দফা সুপারিশ হলো —
১️⃣ রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন।
২️⃣ মিয়ানমার ও আরাকান আর্মির ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু।
৩️⃣ রাখাইন প্রদেশে স্থিতিশীলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক উপস্থিতি ও পর্যবেক্ষণ ব্যবস্থা।
৪️⃣ রোহিঙ্গাদের টেকসই পুনঃসংহতকরণে রাখাইন সমাজে আস্থা বৃদ্ধিমূলক কর্মসূচি।
৫️⃣ যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার জন্য দাতা তহবিল পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
৬️⃣ দায়মুক্তি রোধ, ন্যায়বিচার নিশ্চিত ও অবৈধ অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া।
৭️⃣ সীমান্তজুড়ে মানবপাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ।