বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পিলখানা হত্যাকাণ্ডের প্রামাণ্যচিত্র নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া দেন।
তিনি লিখেছেন, গাড়িতে বসে ‘পিলখানা : থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটা আবার দেখছিলাম। শুরুতে জেনারেল শাকিল ও হাসিনার কথোপকথন শুনলে গা শিউরে ওঠে। এর চেয়ে বড় কোনো বেঈমানি হতে পারে বলে আমার জানা নেই।
ফারুকী আরও লিখেছেন, র্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি— এভাবে আশ্বাস দিলেও কাউকে পাঠানো হয়নি, বরং পরিকল্পিতভাবে ৫৭ জন সেনা অফিসারকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। এই বেঈমানির পেছনে কি সেনাবাহিনীর প্রতি গভীর ঘৃণা কাজ করেছে?
তিনি বলেন, এসব দেখে মনে হয় ভবিষ্যতে দেশের হেড অব দ্য গভর্নমেন্ট যেই হোন না কেন, তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।
এর আগে সোমবার (০১ সেপ্টেম্বর) পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে প্রামাণ্যচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। ‘থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ শিরোনামের এ ফিল্ম প্রকাশিত হয় প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে।
প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী শাসনকাল ও জুলাই অভ্যুত্থান নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে একাধিক প্রামাণ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ মুক্তি পেল পিলখানা হত্যাকাণ্ডভিত্তিক ‘থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ফেব্রুয়ারির পিলখানা হত্যাযজ্ঞ জাতির ইতিহাসে এক মোড় পরিবর্তনের মুহূর্ত, যেখান থেকে জন্ম নেয় ফ্যাসিবাদের উত্থান, শুরু হয় দীর্ঘ ১৬ বছরের শাসনব্যবস্থা।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজেও বলা হয়— “যেখান থেকে উত্থান ঘটে ফ্যাসিবাদের, যেখান থেকে শুরু হয় ১৬ বছরের পরাধীনতা।”
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত সিরিজ প্রামাণ্যচিত্রের অংশ হিসেবেই প্রকাশিত হলো ‘থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’।