মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা ১৩০ কোটি টাকার কোকেনসহ ক্যারিবিয়ান দেশ গায়ানার এক নারীকে গ্রেপ্তার করেছেন। তার নাম কারেন পিটুলা স্টাফলি।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার সময় তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান জানান, ‘কাতারের দোহা থেকে আসা একটি এয়ারলাইন্স ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেন নিয়ে বাংলাদেশে আসার তথ্য পেয়েছি। এই ভিত্তিতে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। পরবর্তীতে ওই নারী অন অ্যারাবিয়াল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারগুলোর মধ্যে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে আবদ্ধ কোকেন (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এয়ারপোর্ট ইউনিট কর্তৃক প্রাথমিক পরীক্ষায় প্রমাণিত) ছিল।’
তিনি আরও বলেন, ‘ইনভেন্ট্রিকাল এবং প্রাথমিক পরীক্ষার সময় বিমানবন্দর থানার দুই এসআই সহ অন্যান্য গোয়েন্দা সদস্যরা উপস্থিত ছিলেন। কোকেইনের ওজন ৮.৬ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩০ কোটি টাকা। পণ্য ও যাত্রী উভয়কে আটক করা হয়েছে।’
তিনি জানান, ‘চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস আইনের আওতায় বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’