মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
বাংলাদেশ-মালয়েশিয়া চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্কের দিগন্ত উন্মোচন করল
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নতুন এক সহযোগিতার দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের মধ্যে সই হয়েছে ৫টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময়। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের সরকারি সফরের প্রথম দিনের বড় অর্জন।
মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য গণমাধ্যমে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
প্রথম নোট বিনিময়টি উচ্চশিক্ষা খাতে সহযোগিতা নিয়ে, যেখানে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
দ্বিতীয় নোট বিনিময় হয় কূটনীতিকদের প্রশিক্ষণ সংক্রান্ত সহযোগিতা নিয়ে। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তৃতীয় নোট বিনিময়টি হালাল ইকোসিস্টেমে পারস্পরিক সহযোগিতা বাড়াতে, যেখানে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের উপমন্ত্রী সেনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
পাঁচটি এমওইউ’র প্রথমটি প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে, যেখানে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ বিন নরদিন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দ্বিতীয় এমওইউটি তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, অবকাঠামো উন্নয়ন, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে সহযোগিতা নিয়ে, যেখানে স্বাক্ষর করেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রী দাতুক সেরি আমির হামজা বিন আজিজান এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফাওজুল কবির খান।
তৃতীয় এমওইউ হয় মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস) ও বাংলাদেশের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর মধ্যে। এতে স্বাক্ষর করেন আইএসআইএস মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক প্রফেসর ড. মোহদ ফাইজ আবদুল্লাহ এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
চতুর্থ এমওইউটি প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতা নিয়ে, যা সই হয় মাইমোস সার্ভিসেস এসডিএন বিহাড এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)-এর মধ্যে। এতে স্বাক্ষর করেন মাইমোস সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাউজি ইয়াহায়া এবং বিএমসিসিআই-এর শাব্বির আহমেদ খান।
পঞ্চম এমওইউ সই হয় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং বাংলাদেশের এফবিসিসিআই-এর মধ্যে। এতে স্বাক্ষর করেন এনসিসিআইএমের সভাপতি দাতো সেরি এন. গোবালাকৃষ্ণন এবং এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।