বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ভোটের আগে মাঠে নামছে পুলিশ-সেনা, প্রস্তুতি চূড়ান্ত!
অনলাইন ডেস্ক
ভোটের আগে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করতে চলেছে সরকার। আগামী সেপ্টেম্বর থেকে দেশের এক লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সুসমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রশিক্ষণের আওতায় দেড় লাখ পুলিশ থাকবে, পাশাপাশি নির্বাচনে নিয়োজিত থাকবে ৬০ হাজার সেনাসদস্য।
এর আগে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের আইজি, ডিজি র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অন্যদিকে, চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট হবে বলে শনিবারের এক আলোচনা সভায় ইঙ্গিত দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকে ১৪টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।
তবে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে নির্বাচন-সংক্রান্ত কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন ও জল্পনা শুরু হয়েছে। অংশ নেওয়া দলগুলোর মধ্যেও মতভেদ দেখা দিয়েছে।
বিএনপি এ ইঙ্গিতকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেছে, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্বাচন কমিশনের মাধ্যমেই জানানো উচিত। তারা আশা করছে, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের আয়োজন হবে। অন্যদিকে, জামায়াত দাবি করেছে, বৈঠকে নির্বাচন নিয়ে নির্দিষ্ট কিছু বলেননি প্রধান উপদেষ্টা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলছে, নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আগে অবশ্যই সব দলের মতামত নেয়া প্রয়োজন।