শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নিয়োগ নিয়ে বিতর্ক, আলোচনা ভেঙে বেরিয়ে গেল বিএনপি!
অনলাইন ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করলো বিএনপি। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনের শুরুতেই চারটি সংস্থার নিয়োগ নিয়ে উত্তপ্ত আলোচনা শুরু হয়। ঠিক তখনই আলোচনার মাঝপথে বৈঠক ত্যাগ করে বিএনপি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের আলোচনার সূচনা হয় সকালে। এদিন আলোচ্য বিষয় ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পালের নিয়োগ সংক্রান্ত বিধান। এসব ইস্যুতে আলোচনা না করে বিএনপি শুরুতেই অনুপস্থিত ছিল, তবে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে পরবর্তী সেশনে অংশ নেবে বলে জানিয়েছে তারা।
আলোচনার সূচনাতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আজকের দিনেই রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে। যদিও এখনো এটি চূড়ান্ত হয়নি। খসড়ায় থাকবে সনদের প্রেক্ষাপট ও ঐতিহাসিক পটভূমি। রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নির্ধারণসহ বহু মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
এর আগে, ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে প্রতীকী ওয়াকআউট করেছিল সিপিবিসহ তিনটি দল। ওইদিন অধিবেশন শুরু হতেই সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে সরব প্রতিবাদ জানান।