শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ঘণ্টায় ৬০ কিমির ঝড়! আজই ভেজাবে সাত জেলা
অনলাইন ডেস্ক
দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমনটি জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সঙ্গে থাকবে বজ্রসহ বৃষ্টি।
এই সময়ে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে জানায় গণমাধ্যম।