শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
উড়ালেই মৃত্যু! শিশুদের মাথার ওপর আছড়ে পড়লো যুদ্ধবিমান!
অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরা অঞ্চলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা (৩৮) নামের এক নারীর মৃত্যুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। গণমাধ্যমকে তিনি বলেন, মাসুমার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
এর আগে সকাল ৯টা ১০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিক্ষার্থী জারিফ। গত ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটে ভয়াবহ এক ট্রাজেডি ঘটে যখন বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মাথায় ঘটে এই দুঃস্বপ্ন।
তেজগাঁওয়ের এ কে খন্দকার বিমানঘাঁটি থেকে ছেড়ে যাওয়া যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটিতে পড়ে যায়। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকীর ইসলাম মানুষের প্রাণ বাঁচাতে বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, তবে শেষরক্ষা হয়নি। মাইলস্টোন স্কুলের দোতলা ভবনে ধ্বংস হয়ে পড়ে বিমানটি।
বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় জনতা উদ্ধারকাজে নেমে পড়ে। আহতদের দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়। গণমাধ্যম জানিয়েছে, পাইলটসহ মোট ৩৩ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই ছিল কোমলমতি শিশুশিক্ষার্থী ও শিক্ষক।
আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশে এসেছেন ভারত, চীন ও সিঙ্গাপুরের বিশেষ মেডিকেল টিম। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
ঘটনার দিনই আইএসপিআর জানিয়েছে, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ অনুসন্ধান করে তারা শিগগিরই প্রতিবেদন দেবে। এদিকে সরকার বলেছে, জাতীয় নিরাপত্তা ও বিমান নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।