শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
ছাত্র আন্দোলনের পর শিক্ষা সচিব পদে আসলো বড় পরিবর্তন!
অনলাইন ডেস্ক
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে রুটিন দায়িত্ব পেয়েছেন মো. মজিবর রহমান। তিনি একই বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, নতুন সচিব নিয়োগ না হওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান রুটিন দায়িত্ব পালন করবেন।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে মজিবর রহমান জানান, ‘নতুন সচিব যোগ না দেওয়া পর্যন্ত আমাকে সচিবের রুটিন দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে।’
এর আগে চলমান ছাত্র আন্দোলনের মুখে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়। পরদিন বুধবার বিকেলে প্রজ্ঞাপন জারি করে তাকে সরিয়ে নেওয়া হয়।
একই প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর সিদ্দিক জোবায়েরকে দুই বছরের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।