শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
মাইলস্টোনে থমকে গেছে শিক্ষা, তদন্তের দাবি তীব্র আন্দোলনে।
অনলাইন ডেস্ক
মাইলস্টোন স্কুলের একাডেমিক কার্যক্রম আপাতত রোববার (২৭ জুলাই) পর্যন্ত স্থগিত থাকবে। স্কুল পুনরায় খোলার বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত জানানো হবে। মৃতের সংখ্যা নিয়ে যা গণমাধ্যমে প্রচার হচ্ছে, তা পুরোপুরি সত্য নয়। তবে বিষয়টি তদন্ত কমিটি গভীরভাবে যাচাই করছে। বুধবার (২৩ জুলাই) মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
সরেজমিনে দেখা গেছে, আজ স্কুলের প্রধান গেট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। দর্শনার্থী কিংবা সাংবাদিকদের কারো ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তা বাহিনী স্কুল প্রাঙ্গণে মোতায়েন রয়েছে। যদিও শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে দেখা গেছে।
এ সময় শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের উপর নো ফ্লাই জোন ঘোষণা করার দাবিও জানান। তারা জানান, এখনও তারা মানসিকভাবে আঘাতগ্রস্থ অবস্থায় রয়েছেন।
অন্যদিকে, যুদ্ধবিমান বিধ্বস্ত ঘটনার হতাহতের সঠিক সংখ্যা নিরূপণ ও আহত, নিহত ও নিখোঁজদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরির জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।