বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
নিখোঁজ আপনার কেউ? এখনই যোগাযোগ করুন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে!
অনলাইন ডেস্ক
বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের সঠিক ও সম্পূর্ণ তালিকা প্রকাশে সরকার, সেনাবাহিনী, প্রশাসন, স্কুল ও হাসপাতাল কর্তৃপক্ষ একসাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেউ নিখোঁজ থাকলে দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা নিশ্চিত করা হয়েছে। নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে তালিকা তৈরি চলছে। যেসব মরদেহ এখনো শনাক্ত হয়নি, সেগুলোর পরিচয় মিলাতে ডিএনএ টেস্টের ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসাথে, ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
এছাড়াও ঢাকার একাধিক হাসপাতালে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্বেগজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, কিছু মহল থেকে তথ্য গোপনের অভিযোগ তুলে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—এ ধরনের অভিযোগ সত্য নয়। হতাহতদের তালিকা প্রকাশে বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।
সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে, যদি কেউ এখনো নিখোঁজ থেকে থাকে, তবে দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও, কেউ নিখোঁজ রয়েছে কি না তা জানতে বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।