বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
উত্তরার আকাশে আগুন, শিক্ষার্থীদের চোখে ভয় আর কান্না!
অনলাইন ডেস্ক
রাজধানীর দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চত্বরে আজ বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
ড. ইউনূস বলেন, দুর্ঘটনায় বিমানসেনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। জাতির জন্য এটি এক বেদনাদায়ক অধ্যায়। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এবং সর্বাত্মক সহায়তা নিশ্চিত করা হবে। এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনো চলমান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উত্তরার আকাশে বিধ্বস্ত হয়েছে। দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করেছিল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা লিমা খান গণমাধ্যমকে বলেন, বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে বিমানটি মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
জানা গেছে, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে বিধ্বস্ত হয় ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমানটি। সেই সময় স্কুল শাখায় প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি আছড়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থী সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে অনেক অভিভাবক দ্রুত ছুটে যান স্কুলে।