বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
আকাশ থেকে আগুনে ঝাঁপ, কলেজ মাঠে বিধ্বস্ত যুদ্ধবিমান!
অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে হঠাৎ আছড়ে পড়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরে কলেজের অস্থায়ী ক্যাম্পাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১টার দিকে বিকট শব্দে বিমানটি মাটিতে পড়ে যায়। জানা গেছে, বিধ্বস্ত বিমানটি ছিল বিমান বাহিনীর F-7 BGI (701) মডেলের। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়।
ভয়ার্ত পরিস্থিতিতে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। গণমাধ্যমের খবরে বলা হয়, বিমানটি চালাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। তার বাইরে আর কেউ ছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি।
বিমানটি জনবহুল এলাকায় পড়ায় কিছু সাধারণ মানুষও আহত হয়েছেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও পোস্টে দেখা যায়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কারো মৃত্যুর খবর নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা, পল্লবী, মিরপুর, পূর্বাচলসহ আশপাশের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। অভিযান এখনও চলছে।