রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
একটিও ম্যাচ জিততে পারল না বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ!
অনলাইন ডেস্ক
হোম সিরিজ হলেও স্বপ্ন নয়, পুরোপুরি দুঃস্বপ্নে রূপ নিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সফর। তিন ম্যাচের টেস্টে শূন্য হাতে শেষ করার পর এবার টি-টোয়েন্টি সিরিজেও একই করুণ পরিণতি—৫-০ ব্যবধানে ধবল ধোলাই! শেষ ম্যাচে ৩ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া, রূপ নেয় পূর্ণ পতনে।
টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ৭ ম্যাচ হেরে মাটির নিচে পড়ে ছিল ক্যারিবিয়ানরা। শেষ ম্যাচটি ছিল সম্মান রক্ষার সুযোগ, অন্তত একটি জয় তুলে নিয়ে কিছুটা সান্ত্বনা জোগাতে পারত তারা। কিন্তু শেষ আশা রক্ষা করতে ব্যর্থ হলো তারা।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বিপর্যয়ের মুখে পড়ে অজিরা। ২৫ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান ম্যাক্সওয়েল, ইংলিস ও মার্শ। তবে বিপদ থেকে টেনে তোলেন ক্যামেরুন গ্রিন, টিম ডেভিড, মিচেল ওয়েন ও অ্যারন হার্ডি। ওয়েন ঝড়ো ১৭ বলে করেন ৩৭, গ্রিন ১৮ বলে ৩২, ডেভিড ১২ বলে ৩০ এবং হার্ডি ২৮ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। আকিল হুসেইন ছিলেন ব্যতিক্রম—১৭ রানে নেন ৩ উইকেট।
টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ আবার ব্যর্থতার প্রতিচ্ছবি। পুরো ২০ ওভারও টিকতে পারেনি, ১৯.৪ ওভারে গুটিয়ে যায় ১৭০ রানে। হেটমায়ার লড়াই করেন ৩১ বলে ৫২ রানের ইনিংসে, রাদারফোর্ড ১৭ বলে করেন ৩৫, আর হোল্ডার ১৫ বলে ২০ রান তুললেও তা যথেষ্ট ছিল না। অজি পেসার দারসুইস নেন ৩ উইকেট ৪১ রানে, এলিসের ঝুলিতে যোগ হয় ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১৭০/১০, ১৯.৪ ওভার (হেটমায়ার ৫২, রাদারফোর্ড ৩৫, হোল্ডার ২০; দারসুইস ৩/৪১)
অস্ট্রেলিয়া: ১৭৩/৭, ১৭ ওভার (ওয়েন ৩৭, গ্রিন ৩২, ডেভিড ৩০; আকিল ৩/১৭)
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: বেন দারসুইস
সিরিজসেরা: ক্যামেরুন গ্রিন
সিরিজ ফল: অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয়ী