সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ও নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এখনও ট্রাম্পকে কোনো অভিনন্দন জানাননি। এর ফলে, হ্যারিস আনুষ্ঠানিকভাবে তার পরাজয় মেনে নেননি বলে মনে করা হচ্ছে।
আজ বুধবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছেন। তিনি ২৭০ ইলেক্টোরাল ভোট অর্জন করেছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস থেমেছেন ২৪০ ভোটের আশপাশে।
তবে, কমলা হ্যারিস শীঘ্রই দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে ভাষণ দিতে যাওয়ার কথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, সেখানে তিনি পরাজয় মেনে নিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানাতে পারেন।
অন্যদিকে, ট্রাম্প বিজয়ী হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নেতারা শুভেচ্ছা জানালেও, এখনও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে কোনো অভিনন্দন বার্তা আসেনি। রুশ কর্মকর্তারা জানান, পুতিন আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে অভিনন্দন জানাবেন কি না, সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।