সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে প্রাণ হারিয়েছেন দুজন বাংলাদেশি। দেশটির ডারবানের পিটারমেরিজবার্গ শহরের একটি কমপ্লেক্সে আগুন লাগার ফলে তাদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে আছেন দেলোয়ার হোসেন এবং বেলাল হোসেন। জানা গেছে, দেলোয়ার হোসেনের বাড়ি ফেনীর মহিপালে এবং বেলাল হোসেন নোয়াখালী বেগমগঞ্জের আলীপুরের বাসিন্দা।
বুধবার রাতে পিটারমেরিজবার্গের ওই কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ঘটে, যেখানে আগুনে পুড়ে ৩টি দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এর মধ্যে দুটো দোকানের মালিক ছিলেন বাংলাদেশি। ওই দোকানেই রাতে অবস্থানকালে দেলোয়ার হোসেন ও বেলাল হোসেন আগুনে পুড়ে মারা যান। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনে ধ্বংসস্তূপ থেকে পুড়ে যাওয়া দুইটি কংকাল উদ্ধার করে। তবে, এই অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
এই ঘটনায় অন্য কেউ আহত বা নিহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। ফরেনসিক দল ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত চালিয়ে যাচ্ছে।