সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা দেশে শোক, আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন অঙ্গনের তারকারাও বিচার দাবিতে সরব হয়েছেন।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী। তিনি ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের শৈশবের একটি বেদনাদায়ক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তিনি লেখেন, ‘কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শেখে। আমিও শিখেছিলাম। তাই নিজেকে সবসময় ব্যস্ত রাখি যেন মাথার ভেতরের শব্দগুলো শান্ত থাকে। কিন্তু যখনই কোনো শিশুর অ্যাবিউজ বা রেপের খবর দেখি, আমি ভেতর থেকে ভেঙে পড়ি। কারণ ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম। তখন বুঝতাম না কী ঘটছে, শুধু মনে হতো এটা স্বাভাবিক না। আব্বু-আম্মু তো কখনো এভাবে ধরেনি।’
শিশুদের মানসিক ভয়ের বিষয়টি তুলে ধরে তিনি আরও লেখেন, ‘চার–পাঁচ বছরের একটি শিশুর মনে এসব কতটা ভয় ঢুকে যায়, কত প্রশ্ন, অস্বস্তি আর না বলা কান্না জমে থাকে বছরের পর বছর। আমি বিশ্বাস করি, রেপিস্ট ও অ্যাবিউজারদের কঠোর শাস্তি হওয়া উচিত। তারা শুধু একজন মানুষ নয়, একটি শিশুর নিরাপত্তা, বিশ্বাস ও শৈশবকে ধ্বংস করে দেয়। আর আমি এটাও বিশ্বাস করি, মানুষের কর্মফল একদিন এই পৃথিবীতেই ফিরে আসে। আল্লাহ সব দেখেন।’
শেষে বাবার স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘আজ খুব আব্বুকে মিস করছি। শুটিং আর ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে মনে হয়, কোথাও হারিয়ে যাই—যেখানে কেউ আমাকে চেনে না। হয়তো সেখানে একটু শান্তি পাওয়া যেত।