শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ফেরিঘাট থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপের দিকে যাত্রা শুরু করা একটি সার্ভিস বোট মাঝ সাগরে বিকল হয়ে আটকা পড়ে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে, অন্য একটি বোট গিয়ে বিকল বোটটি উদ্ধার করে সন্দ্বীপের উপকূলে নিয়ে আসে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের মোহনায়, সন্দ্বীপ চ্যানেলে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন আকবর।
কুমিরা নৌ পুলিশ ও ফেরিঘাট সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে একটি সার্ভিস বোট দেড় শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। পরে, মাঝপথে গিয়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। ফেরিঘাট কর্তৃপক্ষকে জানানো হলে, অন্য একটি সার্ভিস বোট গিয়ে বিকল বোটটি উদ্ধার করে সন্দ্বীপ উপকূলে নিয়ে আসে। বোটটি প্রায় এক ঘণ্টা সময় ধরে মাঝ সাগরে আটকে ছিল।
কুমিরা ফেরিঘাটের ইজারাদার জগলুল হোসেন নয়ন বলেন, “সমুদ্রের মাঝখানে ইঞ্জিন বিকল হয়ে বোটটি আটকে যায়। এরপর খবর পেয়ে আরেকটি বোট গিয়ে উদ্ধার করে সন্দ্বীপ উপকূলে নিয়ে আসে।”
এ বিষয়ে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন আকবর জানান, প্রথমে যাত্রীরা আতঙ্কিত হলেও এক ঘণ্টার মধ্যে বোটটি উদ্ধার করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।