মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
প্রেমের সম্পর্কে ভৌগোলিক দূরত্ব, ভাষা কিংবা সংস্কৃতির ভিন্নতা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। ভালোবাসার টানেই সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছুটে এসেছেন এক তরুণ, যার আগমনকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
সোমবার (১৫ জুন) রাতে প্রেমিকার টানে বাংলাদেশে এসে নবীনগরের নীলনগর এলাকায় স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান চীনা নাগরিক জিয়াঐলি। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই শত শত উৎসুক মানুষ তাকে দেখতে সেখানে ভিড় করেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রেমিক যুগলের ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াঐলির। মাত্র তিন মাসের পরিচয়েই তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
স্বপ্না আক্তার জানান, গত তিন মাস ধরে জিয়াঐলির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ চলছে। গত ২ জুন তিনি বাংলাদেশে এসে ঢাকার উত্তরা এলাকায় অবস্থান নেন। পরে নবীনগরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে সোমবার আলীয়াবাদ গোলচত্বর থেকে তাকে নিয়ে আসেন তিনি।
স্বপ্না বলেন, ‘আমি আমার পরিবারের আর্থিক ও পারিবারিক বাস্তবতা সম্পর্কে তাকে জানিয়েছি। কিন্তু তিনি বলেছেন, এসব বিষয় তার কাছে কোনো সমস্যা নয়। এরপর পরিবারের সদস্যদের বিয়েতে সম্মত করাতে সক্ষম হই।’
স্বপ্না ও তার পরিবারের সদস্যদের ভাষ্য, জিয়াঐলি তাকে বিয়ে করার উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছেন। বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এরপর মুসলিম রীতিতে তাদের বিবাহ সম্পন্ন হবে।
বিদেশি যুবকের আগমন ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার পরিচয় নিয়ে প্রশ্ন তুললেও পরে তিনি নিজের চীনা পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয়দের সামনে প্রদর্শন করলে সব ধরনের সন্দেহের অবসান ঘটে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ভালোবাসার টানে বিদেশ থেকে প্রত্যন্ত একটি গ্রামে কোনো যুবকের এভাবে চলে আসার ঘটনা তাদের কাছে একেবারেই ব্যতিক্রম। ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্ব অতিক্রম করে গড়ে ওঠা এই সম্পর্ককে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
বর্তমানে জিয়াঐলি স্বপ্নার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। মঙ্গলবার জেলা আদালতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলিম রীতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।