রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ভোররাতে মেঘনার তাণ্ডব—বলগেটেই ডুবল জেলেদের ট্রলার!
অনলাইন ডেস্ক
নোয়াখালীর হাতিয়ায় ভোরের অন্ধকারে মেঘনার বুক চিরে আসা বলগেটের ধাক্কায় ভয়াবহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাকিব উদ্দিন নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও এক জেলে আরাফাত এখনো নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৮ জুলাই) ভোরবেলা উপজেলার সুখচর ইউনিয়নের পশ্চিম পাশ ঘেঁষা উত্তাল মেঘনা নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব উদ্দিন চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের বাসিন্দা মনির উদ্দিনের ছেলে। আর নিখোঁজ আরাফাত সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেলে দেলোয়ার হোসেনের ছেলে। দুর্ঘটনায় আরও দুজন—আফছার ও রহমান আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় জেলেরা গণমাধ্যমকে জানান, সারা রাত মাছ ধরে ভোরে ট্রলারটি নদীর তীরে নোঙর করে বিশ্রামে ছিলেন চার জেলে। রাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ দিক থেকে দানবাকৃতির একটি বলগেট ট্রলারটিকে সরাসরি আঘাত করে। মুহূর্তেই ট্রলারটি উল্টে যায়। নিদ্রামগ্ন জেলেরা কিছু বুঝে ওঠার আগেই নদীতে ছিটকে পড়েন।
আহত জেলেদের আর্তনাদে পাশের আরেক ট্রলার থেকে জামসেদ নামে এক জেলে ছুটে আসেন এবং দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দুর্ঘটনার এক ঘণ্টা পর নদীতে ভাসতে থাকা অবস্থায় সাকিব উদ্দিনের নিথর দেহ পাওয়া যায়। নিখোঁজ আরাফাতের সন্ধানে জেলেরা এখনো তৎপর।
উদ্ধারকারী জেলে জামসেদ গণমাধ্যমকে জানান, “জেলের চিৎকারে ঘুম ভেঙে দেখি ট্রলার উল্টে গেছে। আমরা ঝাঁপিয়ে পড়ে দুজনকে টেনে তুলি। বলগেটটা মুহূর্তেই দূরে সরে যায়। অন্ধকারে চিনতে পারিনি।” বলগেটটি দ্রুত উত্তর দিকে সরে যায় বলে তিনি জানান।
এ বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, “আমরা ঘটনাটি জানতে পেরেছি এবং দ্রুত ঘটনাস্থলে রওনা দিয়েছি। বৃষ্টি ও রাস্তাঘাট খারাপ থাকায় পৌঁছাতে দেরি হচ্ছে। মৃত জেলের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”