শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
খাগড়াছড়িতে টানটান উত্তেজনার পর অবশেষে জুম্ম ছাত্র জনতা তাদের স্থগিত করা অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। শনিবার সকালে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, প্রশাসনের সঙ্গে আলোচনায় ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পরই এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সংগঠনটি প্রশাসনের কাছে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। জানা গেছে, দ্বিতীয় দফা বৈঠক শেষে এ ঘোষণা আসে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, “অবরোধ প্রত্যাহারের ফলে শহরে এখন জনজীবন স্বাভাবিক। রাস্তায় যান চলাচল শুরু হয়েছে, দোকানপাট খুলেছে, মানুষজন কেনাকাটা করছে।” তিনি আরও জানান, যাতে নতুন করে কোনো সহিংসতা না ঘটে, সেজন্য আগের মতোই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার খাগড়াছড়ি শহরের সিঙ্গিনালা এলাকায় এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে টানা আন্দোলন চালিয়ে আসছিল জুম্ম ছাত্র জনতা। পরে আন্দোলন থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে খাগড়াছড়ি ও গুইমারায়, যেখানে গুইমারায় তিনজনের মৃত্যু হয়।