শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
টানা ছুটির আনন্দে উৎসবমুখর হয়ে উঠেছে দেশের প্রধান সমুদ্রনগরী কক্সবাজার। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হওয়া সরকারি ছুটি মিলিয়ে আগামী ৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি থাকায় পর্যটন শহরটি এখন রঙিন উৎসবে মাতোয়ারা।
এই সুযোগে ভ্রমণপিপাসুদের ঢল নেমেছে কক্সবাজার সৈকতে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর পর্যন্ত শহরের প্রায় সব হোটেল-মোটেল ও রিসোর্টের কক্ষ ইতিমধ্যে শতভাগ বুকিং হয়ে গেছে।
হোটেল মালিকদের মতে, দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে টানা ১২ দিনের ছুটি। ফলে পরিবার নিয়ে বেড়াতে বেরিয়েছেন অনেকেই। পর্যটনসংশ্লিষ্টদের আশা, লম্বা এই ছুটিতে মৌসুমের শুরুতেই কক্সবাজার ভরে উঠবে পর্যটকে।
মঙ্গলবার বিকেল থেকেই দেশের নানা প্রান্ত থেকে দলে দলে পর্যটক কক্সবাজারে আসছেন। শনিবারের মধ্যেই শহর ও আশপাশের সৈকত পুরোপুরি পর্যটকে মুখর হয়ে উঠবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সি-নাইট হোটেলের পরিচালক এম. বেদারুল আলম জানান, শনিবার পর্যন্ত সব কক্ষ বুকড। একই তথ্য দিয়েছেন হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার। তিনি বলেন, শহর ও আশপাশের পাঁচ শতাধিক আবাসিক স্থাপনায় এক লাখ ৭০ হাজার পর্যটকের রাতযাপনের ব্যবস্থা আছে। মৌসুমের শুরুতেই এমন সাড়া পর্যটনের জন্য ইতিবাচক।
তিনি আরও বলেন, “পর্যটক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।”
কলাতলী, লাবণী, সুগন্ধা, ইনানী, হিমছড়ি—সব সৈকত পয়েন্ট এখন ভিড়ে ঠাসা। মেরিন ড্রাইভ হয়ে অনেকে ঘুরছেন দরিয়ানগর ও টেকনাফ উপকূলেও।
তবে সাম্প্রতিক বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগর ও ঝোড়ো হাওয়ায় জারি রয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত। বুধবার বিকেলে বৃষ্টি আর প্রবল ঢেউয়ের মধ্যেও অনেক পর্যটক সাগরে নামেন, কেউ আবার ছাতা মাথায় নিয়ে সৈকতে হাঁটেন।
সি-সেইফ লাইফগার্ডের আঞ্চলিক কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, “এখন সমুদ্র উত্তাল, গুপ্তখালও তৈরি হয়েছে। তাই গোসলে নামার আগে অবশ্যই নির্দেশনা মানা উচিত।”
টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, “পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।” জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, “পর্যটকদের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।”
এদিকে দুর্গাপূজার যাত্রী চাপ সামলাতে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করেছে রেলওয়ে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে। পাশাপাশি ইনানীর অভিজাত হোটেল সি-পার্লে পুরো অক্টোবর জুড়ে আয়োজন করা হয়েছে ফুড ফেস্টিভ্যাল।