রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সাদিকা জাহান
অ্যালার্জি বর্তমানে একটি সাধারণ শারীরিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি কোনো নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়; শিশু, যুবক, বয়স্ক—সব বয়সের মানুষই এই সমস্যায় আক্রান্ত হতে পারে। অনেক সময় আমরা শখ করে কিছু খাবার খাই, যেমন গরুর মাংস বা চিংড়ি মাছ, কিন্তু পরবর্তীতে দেখা যায় র্যাশ বা চুলকানির মতো অ্যালার্জি সমস্যার সৃষ্টি হয়।
এ ধরনের অ্যালার্জি সমস্যা কমানোর জন্য কিছু বিশেষ খাবার রয়েছে, যেগুলো নিয়মিত খেলে শরীরে অ্যালার্জির সমস্যা কিছুটা কমে আসতে পারে।
লেবু: লেবু একটি শক্তিশালী ভিটামিন ‘সি’-র উৎস। এটি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে। অ্যালার্জির কারণে শরীরের যে সমস্যা সৃষ্টি হয়, লেবু তা নিরাময় করতে সাহায্য করে। নিয়মিত পানি, মধু এবং লেবুর রস মিশিয়ে পান করলে অ্যালার্জির সমস্যা অনেকটাই কমে যায়।
কলার উপকারিতা: কলাতে রয়েছে ভিটামিন এবং মিনারেলের ভাণ্ডার, যা শরীরের মেটাবলিজম বাড়াতে সহায়ক। যদি কোনো অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ার পর সমস্যা শুরু হয়, তবে একটি কলা খেলে তাৎক্ষণিকভাবে কিছুটা উপশম পাওয়া যায়। তবে পুরোপুরি অ্যালার্জি দূরীকরণে এটি কার্যকর নয়।
গাজর: গাজর অ্যালার্জি দূর করতে সহায়ক একটি উপাদান। যেকোনো অ্যালার্জি হলে গাজরের রস খেলে তা কমে যেতে পারে। গাজরের অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান শরীরের জন্য খুবই উপকারী।
আদা: আদায় রয়েছে প্রদাহবিরোধী উপাদান এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা অ্যালার্জির সমস্যা কমাতে সাহায্য করে। আপনি চাইলে আদা চা খেতে পারেন, অথবা আদার রসের সঙ্গে মধু মিশিয়ে পান করতে পারেন। এটি খুবই কার্যকরী হতে পারে।
গ্রিন টি: গ্রিন টি শুধু ওজন কমাতে সহায়ক নয়, এটি অ্যালার্জি কমাতেও কার্যকরী। এর অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি হিস্টামিন উপাদান অ্যালার্জি মোকাবিলায় সাহায্য করে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অ্যালার্জি আক্রান্ত হলে সব ধরনের অ্যালার্জি সৃষ্টিকারী খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত। এই খাবারগুলো অ্যালার্জির সমস্যা কমাতে সহায়তা করবে, তবে ওষুধের পাশাপাশি নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি।